আগরতলা, ১৫ জানুয়ারি: আজ এনএলএফটি (বিশ্ব মোহন) গোষ্ঠীর তিনজন তালিকাবিহীন বৈরী বিএসএফ-র কাছে আত্মসমর্পণ করেছে। ধলাইয়ের ছামনুর অধীনে বর্ডার আউট পোস্ট (বিওপি) মনোরঞ্জন এলাকায় ওই বৈরী আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।
ধলাই জেলার মানিকপুর থানাধীন রাজেন্দ্র রোজা পাড়ার বাসিন্দা মণি রঞ্জন ত্রিপুরা (২৮), চিন্তাজয় ত্রিপুরা (৩৮) এবং
রাবন জয় ত্রিপুরা (২৮) এনএলএফটি বৈরী আজ সকালে বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী মণি রঞ্জন ত্রিপুরা ২০২ সালের মার্চ মাসে এনএলএফটিতে যোগ দিয়েছিলেন, চিন্তাজয় ত্রিপুরা ২০২৩ সালের এপ্রিল মাসে এবং ডিসেম্বর মাসে রাবন জয় ত্রিপুরা যোগ দিয়েছিলেন।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন অবলম্বন করতে এবং দেশের মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য তাঁরা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ।
এদিন তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, রাজ্য গত কয়েক দশক ধরে বৈরী প্রবণ বলে চিহ্নিত। কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার কারণে সাম্প্রতিক কালে এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর বেশ কয়েকজন ক্যাডার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পছন্দ করেছে।

