ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। বিলোনিয়ায় আগামীকাল থেকে অনূর্ধ্ব ১৫ খুদে ক্রিকেটারদের লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। উদ্যোক্তা বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবারও অন্যান্য বারের মতোই তিনটি গ্রুপে নয়টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গ্রুপে এ-তে বিদ্যাপীঠ স্কুল, সাড়াসীমা স্কুল, বিকেআই ইনস্টিটিউশন, গ্রুপ বি-তে আমজাদ নগর স্কুল, আর্য কলোনি স্কুল, রাঙ্গামুড়া স্কুল। গ্রুপ সি-তে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বড়পাথারি স্কুল, ইস্ট কলাবাড়িয়া স্কুল। আগামীকাল উদ্বোধনী ম্যাচে সাড়াসীমা স্কুল ও বিদ্যাপীঠ স্কুল পরস্পরের মুখোমুখি হবে। খেলা হবে নর্থ বিলোনিয়া মাঠে। এবার আরও ২টি মাঠ নতুন নগর মাঠ ও আমজাদ নগর গ্রাউন্ডে খেলার ব্যবস্থা করা হচ্ছে। ১৪ জানুয়ারি পর্যন্ত প্রথম রাউন্ডের লীগের খেলার শেষে ১৬ থেকে ১৮ জানুয়ারি তিন গ্রুপের সেরা ছয়টি দলকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ডের সুপারলিগের খেলা। অতঃপর ২০ জানুয়ারি দুটো সেমিফাইনালের পর ২৪ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পার্থ চৌধুরী ক্রীড়াসূচি ঘোষণার পাশাপাশি আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও সকল ক্রীড়া প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, আগামীকাল সকাল ৯ টায় বিলোনিয়া স্কুল গ্রাউন্ডে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক গৌতম সরকার, প্রধান তপন গুহ, উপপ্রধান সুভাষ মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় সেন, ক্লাব সম্পাদক সুমন নাগ, এপিপি কৃষ্ণ মজুমদার প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন বিলোনিয়া ক্রিকেটে এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণধন চক্রবর্তী।
2024-01-10

