মেসবাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু আইটিআই পড়ুয়ার

পূর্ব মেদিনীপুর, ১০ জানুয়ারি (হি.স.) : হলদিয়ার গান্ধীনগরে চার তলা বাড়ির ছাদে পিকনিক করার সময় পড়ে গিয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। বছর ১৯ এর মৃত ওই পড়ুয়ার নাম সৌমেন দাস। ওই পড়ুয়া কাঁথির দেশপ্রাণ আইটিআই কলেজে পড়াশোনা করতেন। মঙ্গলবার রাতে এক বন্ধুর ডাকে গান্ধীনগরে পিকনিকে গিয়েছিলেন। তারপর সেখানেই রাতে, দুর্ঘটনাটি ঘটে ।

কীভাবে ওই পড়ুয়া ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মৃত পড়ুয়ার মাথার পিছনে চোট রয়েছে। ঘটনার পরই তাঁকে উদ্ধার করে হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ জন পড়ুয়াকে আটক করেছে।