লখনউতে বাতিল সামগ্রীর বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫-৩০টি দোকান

লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ভয়াবহ অগ্নিকাণ্ড! লখনউয়ের কেশব নগর এলাকার কাছে ভয়াবহ আগুন লাগল বাতিল সামগ্রীর মার্কেটে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৫-৩০টি দোকান। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। মঙ্গলবার ভোররাতে ওই মার্কেটে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে যায়।

ফায়ার সেফটি অফিসার শত্রুঘ্ন কুমার বলেছেন, “স্ক্র্যাপ (বাতিল সামগ্রী) মার্কেটের আগুনে প্রায় ২৫-৩০টি দোকান পুড়ে গিয়েছে। খবর পাওয়া আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।” আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।