নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে মেট্রোর ধাক্কায় মহিলার মৃত্যুকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার-পরিজন। দিল্লির একটি মেট্রো স্টেশনের গেটে শাড়ি আটকে এক মহিলার মৃত্যুর ঘটনায় পরিবার ও আত্মীয়দের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। রবিবার মৃতার পরিবার মৃতদেহ নিয়ে দিল্লির নাংলোই রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। মৃতার পরিবারের অভিযোগ মহিলার মৃত্যুর জন্য দায়ী দিল্লির মেট্রো পরিষেবা। নির্যাতিতার পরিবার এই ঘটনায় উপযুক্ত বিচার চায়। এই মহিলার স্বামীর আগেই মৃত্যু হয়েছে। মহিলার দুটো ছোট শিশু রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ইন্দ্রলোক মেট্রো স্টেশন থেকে গাজিয়াবাদের দিকে যাওয়া মেট্রো ট্রেনের গেটে মৃত মহিলার শাড়ি আটকে বিপত্তির সৃষ্টি হয়। মৃতার নাম রীনা (৩৫)। ছেলেকে নিয়ে মেট্রো স্টেশনে আসেন রীনা। তিনি মিরাট যাওয়ার উদ্দেশে মেট্রো স্টেশনে এসেছিলেন। তাই তিনি গাজিয়াবাদ যাওয়ার ট্রেনে উঠেন। কিন্তু মহিলা ট্রেনে উঠে পড়ার পর দেখেন তাঁর ছেলে প্লাটফর্মেই রয়ে গিয়েছে। ছেলের কাছে ফেরার জন্য ট্রেন থেকে নামার সময় তাঁর শাড়ি মেট্রোর গেটে আটকে যায়। ঠিক তখনই মেট্রো ট্রেন স্টার্ট দেয় এবং ওনাকে টেনে নিয়ে যায়। এরফলে মহিলার মৃত্যু হয়।

