নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : রবিবার সংবিধান দিবস উপলক্ষে বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। ভারতীয় আইন ইনস্টিটিউটের সহযোগিতায় আইন ও বিচার মন্ত্রক ২৬ নভেম্বর রবিবার বিজ্ঞান ভবনে সংবিধান দিবস উদযাপন করবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগদীপ ধনখর। তিনি পূর্ণাঙ্গ অধিবেশনে মূল বক্তব্য পেশ করবেন।
বিশ্বের জনগণের মঙ্গলের সঙ্গে সাংবিধানিক মূল্যবোধ এবং বৈশ্বিক আকাঙ্ক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র খোঁজাই এই ভাষণের লক্ষ্য হবে। ভারতের জনগণ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধানকে গ্রহণ করেছিল। এইবছর, সংবিধান দিবস উপলক্ষ্যে ২৬ নভেম্বর রবিবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পাঁচটি কারিগরি অধিবেশনের সমন্বয়ে একটি জাতীয় পর্যায়ের রূপান্তরমূলক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারের মাধ্যমে ২০৪৭ সালের রূপকল্পের উপর দৃষ্টি দেওয়ার পাশাপাশি দেশের আইনের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে চিন্তাভাবনা করার জন্য আইন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদদের একটি সুযোগ প্রদান করবে। আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) অর্জুন রাম মেঘওয়াল, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ঋতু রাজ অবস্থি, সলিসিটর জেনারেল তুষার মেহতা, এনএইচআরসি চেয়ারম্যান বিচারপতি অরুণ কুমার মিশ্র, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং আইন বিষয়ক সচিব ড. নিতেন চন্দ্র এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওইদিন ‘এ গাইড টু অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন’ এবং ‘পারসপেক্টিভস অন কনস্টিটিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামে দুটি বইও প্রকাশ করা হবে। এছাড়াও, ওইদিন ভারতীয় আইন ইনস্টিটিউটের সহযোগিতায় আইন ও বিচার মন্ত্রক সংবিধান দিবসের প্রাক্কালে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীনতার সীমা – মৌলিক অধিকার বনাম মৌলিক কর্তব্য’ বিষয়ে একটি বিতর্কের আয়োজন করছে। এতে প্রথম বিজয়ী পাবেন ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ২০,০০০ টাকা।

