ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। নবম স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাসকে। জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। ঝাড়খন্ডে অনুষ্ঠিত আসরের একাদশ তথা শেষ রাউন্ডের খেলা হয় বুধবার সকালে। যুগ্মভাবে তৃতীয় স্থানে থাকা আরাধ্যার (১১৯৮) মুখোমুখি হয় তামিলনাড়ুর পূজা শ্রী আরের (১২৪৯)। ৬৪ ঘরের মস্তিক্সের খেলায় দুরন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত বাজিমাৎ করতে পারেনি। আসর শেষ করে সাড়ে ৭ পয়েন্ট নিয়েই। এবং দখল করে নবম স্থান। এদিন যদি জয় পেতো আরাধ্যা তাহলে সম্ভবত দ্বিতীয় স্থান পেয়ে যেতো। আসরে তেলেঙ্গানার সোমহিতা পুনাগাভানাম (১৩৪৫) ১০ পয়েন্ট পেয়ে সেরার সম্মান পায়। ত্রিপুরার অন্য দাবাড়ুদের মধ্যে নিলাক্ষী দেবনাথ সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ১০৩ তম স্থান এবং নাভ্যিয়া দে ৩ পয়েন্ট পেয়ে ১১১ তম স্থান দখল করে। আসরে অংশ নিয়েছিলো ১১৬ জন দাবাড়ু। এদিকে বালক বিভাগে মহারাষ্ট্রের আদ্ভিক অমিত আগরওয়াল (১৩৬৮) ১০ পয়েন্ট পেয়ে ভারতে সেরা হয়েছে। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে আদ্রুষ কর্মকার ৬ পয়েন্ট পেয়ে ১০৮ তম স্থান এবং অন্তরীপ আচারিয়া ৪ পয়েন্ট পেযে ২০৯ তম স্থান দখল করে। আসরে অংশ নিয়েছিলো ২৫০ জন দাবাড়ু।
2023-11-08

