আগরতলা, ৬ নভেম্বর: বায়োস্কোপের দুনিয়ায় পা রাখলেন ত্রিপুরার মেয়ে দেবাদ্রিতা দত্ত। গত ১৮ অক্টোবর মুম্বাইতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ত্রিপুরার কন্যা দেবাদ্রিতা দত্তের শর্ট ফিল্ম ‘হেমলক’। যার পরিচালক সাইফ বৈদ্য। আজ আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সিনেমা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন অভিনেত্রী দেবাদ্রিতা দত্ত।
ত্রিপুরার ধলাই জেলার কমলপুরের বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার অখিল দত্ত ও সোমা দত্তের কন্যা দেবদ্রিতা বৈদ্য। ছোটবেলা থেকে নাচগান করতে তিনি খুব ভালবাসতেন। ৩৯ মিনিটের এই শর্ট ফিল্মটি মানসিক স্বাস্থ্য বিষয়ক গল্পকে সামনে রেখে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দেবাদ্রিতা দত্ত। এই ছবিটি শেষ করতে সময় লেগেছিল ৪ মাস ১০ দিন।
এদিন তিনি বলেন, শর্ট ফিল্ম ‘হেমলক’ সিনেমার পরিচালক সাইফ বৈদ্য ২০২২ সালে একটি সিনেমা করেছিলেন। সেই সিনেমার নাম নয়েস অফ সাইলেন্স।পাশাপাশি এদিন দেবদ্রিতা দত্ত রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন সিনেমাটি দেখার জন্য।

