এবার বারাসাত পুরসভার তথ্য জানতে ইমেল সিবিআইয়ের

উত্তর ২৪ পরগনা, ১৩ অক্টোবর, (হি.স.) : ব্যারাকপুরের পর বারাসাত পুরসভা, সিবিআইয়ের নজরে আরও এক পুরসভা। উপ পুরপ্রধানদের নামের তালিকা তলব সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইমেল করে জানতে চাওয়া হয়েছে, ‘’২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান?”

পুরসভার নিয়োগ দুর্নীতিতে বেশ কিছুদিন ধরে তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। রাজ্যের বিভিন্ন পুরসভায় গত কয়েকবছরে কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই সব তথ্য জানতে একাধিক পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে তথ্য। এর মাঝেই এবার বারাসাত পুরসভার উপ প্রধানদের নামের তালিকা চেয়ে পাঠাল সিবিআই। নামের তালিকা, মোবাইল নম্বর থেকে যাবতীয় সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কী কারণে এই নামের তালিকা চাওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য কোনও তথ্য সামনে আসেনি।

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ একাধিক পুরসভায় কিছুদিন আগেই তল্লাশি চালায় সিবিআই। পুর নিয়োগ দুর্নীতিতে কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার নাম জুড়ে যায়। তারপর ব্যারাকপুর পুরসভায় নোটিস পাঠিয়ে ২০১২ সাল থেকে কারা উপপ্রধান ছিলেন, তা জানতে চায় সিবিআই।