গুয়াহাটিতে যুবক খুন, প্রকাশ্য দিবালোকে স্কুটিতে বহন মৃতদেহ

গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : গুয়াহাটি মহানগরের নুনমাটি গণেশমন্দির রোডের ১৪ নম্বর বাই-লেনে সংগঠিত রহস্যজনক হত্যাকাণ্ডের আংশিক খোলসা হয়েছে আজ রবিবার। শনিবার রাতে গুয়াহাটির ভূতনাথ শ্মশানে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীতে মৃত যুবককে জনৈক রোহিত দরজি বলে শনাক্ত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করে।

এদিকে আজ নুনমাটি গণেশমন্দির রোডে সংস্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোখ ছানাবড়া পুলিশের তদন্তকারী আধিকারিকদের। ফুটেজে দেখা গেছে, একটি স্কুটির ফুটবোর্ডে একটি মৃতদেহ বসিয়ে শনিবার বিকাল প্রায় পাঁচটা নাগাদ প্রকাশ্য দিবালোকে দুরন্ত গতিতে ছুটছে আরেক যুবক। স্কুটারের আরোহী মৃতদেহটি প্ৰথমে ১২ নম্বর বাই-লেনে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় জনতাকে দেখে মৃতদেহটি নিয়ে ফের চলে যায় ১৪ নম্বর বাই-লেনে। এর পর মৃতদেহটি সে ভূতনাথ শ্মশানে নিয়ে ফেলে আসে।

তবে স্কুটির আরোহীটি কে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছ, ঘটনার সঙ্গে মাদক সেবন সংক্রান্ত ঘটনা জড়িত। পুলিশ রোহিত দরজির খুনিকে খুঁজে বের করতে তদন্ত-অভিযান চালিয়েছে বলে নুনমাটি থানা সূত্রে জানা গেছে।