কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। মঙ্গলবার ডেঙ্গির ব্যাপারে স্বাস্থ্যকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে ২২ জন বিধায়ককে নিয়ে স্বাস্থ্যভবনে স্মারকলিপি দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
কেন তাঁদের পথ আটকানো হচ্ছে, শুভেন্দুবাবু জানতে চান। বলেন, আমি শুধু এই চিঠিটা প্রাপ্তি স্বীকার করিয়ে আনব। সচিবের সঙ্গে দেখাও করব না। তা সত্বেও তাঁকে ভিতড়ে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। লোহার সদর ফটক বন্ধ করে রাখা হয়। শুভেন্দুবাবু উপস্থিত সাংবাদিকদের বলেন, “এ এক আজব রাজ্য। এখানে জনপ্রতিনিধিদের সরকারি অফিসে ঢোকার অনুমতি নেই।“ বিক্ষোভকারীরা ধ্বণি দেন ‘ডেঙ্গি নিয়ে সত্য গোপন করা চলবে না, চলবে না।
হইচইয়ের মধ্যে এক পুরুষ পুলিশ মহিলা বিক্ষোভকারীকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ চেঁচিয়ে ওঠেন। বলেন, “এই পুলিশ, কেন ওনার গায়ে হাত দিচ্ছেন? মহিলা পুলিশ নেই আপনাদের? লজ্জা করে না! এরা তো আপনাদের কারও মা, কারও বোন!“

