আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। ধর্মনগর পদ্মপুর, মধুবাড়ি রোডের রাধারমণ আশ্রম সংলগ্ন এলাকার প্রাচীন বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমূল্য কুমার নাথ প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল ৮৮ বৎসর । চাকুরী ও সংসার জীবনে তিনি অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছেন।কিন্তু কখনও অন্যায়ের প্রতি মাথা নত করেন নি।তিনি সব সময়ই সমাজের সার্বিক মঙ্গল কামনা করতেন। বিশেষ করে ছাত্র সমাজের সর্বাঙ্গীন বিকাশের প্রতি ওনার গভীর আগ্রহ ছিল। তাই ওনার শেষ জীবনে ধর্মনগরের বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক সংস্থা “তমালিনীর ছায়া” ওনার নিজস্ব ভূমির গড়ে তুলার জন্য সানন্দে অনুমতি প্রদান করেন।যার ফলশ্রুতিতে পদ্মপুর ও তার পার্শবর্তী অঞ্চলের ছাত্রছাত্রীরা সঙ্গীত,নৃত্য,তবলা,আর্ট ও যোগাসনের মতো সুকুমার শিল্পের অনুশীলন খুব সহজে করতে পারছে। ২০০৭ সালে পদ্মপুর স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী অমূল্য কুমার নাথ মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র ফিল-আপ করে ওনার ছেলেদের সম্মতিপত্র সহ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। গতকাল ওনার দীর্ঘ জীবনের অবসান ঘটলে ওনার ছেলেমেয়েরা দেহদান সংক্রান্ত বিষয় জানার জন্য ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামল নাথের সাথে যোগাযোগ করলে তিনি সাথে সাথে এই মহৎ কাজ করার জন্য ডাঃ সন্দীপক রায়ের সাথে অমূল্য নাথের ছেলেমেয়েদের যোগাযোগ করিয়ে দেন। ডাঃ সন্দীপক রায় কাল বিলম্ব না করে আগরতলার অ্যানাটমী ডিপার্টমেন্টের ডাঃ মনিরুল বাবুর সাথে কথা বলে দেহ রিসিভ করার বিষয়ে মৃতের পরিবারের লোকদের নিশ্চিত করেন।তৎপরবর্তী সময়ে এ,জি,এম,সি,পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য শ্যামল নাথ ও শ্রী রাহুল কিশোর রায় এবং শ্রীমতী কাকলী রাউৎ একটা সরকারী এম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।সেই অনুযায়ী মৃতদেহ বিদায় দেওয়ার জন্য অযাচক আশ্রমের সব গুরু ভাইবোনেরা ও পাড়া প্রতিবেশীরা ১ ঘন্টা ব্যাপী উপাসনার মন্ত্রোচ্চারণ ও হরিওঁ উচ্চারণের মধ্য দিয়ে মৃতদেহকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে এজিএমসি এর উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। স্বর্গীয় অমূল্য নাথের মৃতদেহের সাথে গিয়েছিলেন ওনার কনিষ্ঠ কন্যা শ্রীমতী অমিতা নাথ, কনিষ্ঠ পুত্র শ্রী অপূর্ব কুমার নাথ, অপূর্ব নাথের বন্ধু শ্রী সিদ্ধার্থ নাথ। এজিএমসি-তে ওনারা রাত ১২-২০ মিনিটে গিয়ে মৃতদেহ নিয়ে পৌঁছার পরেও ইমার্জেন্সি বিভাগের প্রত্যেক কর্মকর্তারাই খুব কম সময়ের মধ্যে অফিসিয়াল ফর্মালিটি পূরণ করে দেহ গ্রহণ করে মর্গে পাঠিয়ে দেন। আজ সকাল ১১ -৩০ মিনিটে দেহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সেই সময় আগরতলায় কর্মরত শিক্ষক শ্রী সুকান্ত সাহা উপস্থিত থেকে এনাটমি ডিপার্টমেন্টের কাছ থেকে স্বর্গীয় অমূল্য কুমার নাথের দেহদান করার জন্য একটা ধন্যবাদসূচক চিঠি রিসিভ করে অনলাইনে অপূর্ব নাথের কাছে পাঠিয়ে দেন। স্বর্গীয় অমূল্য কুমার নাথ ওনার ছাত্র দরদী মানসিকতার উৎকৃষ্ট একটা উদাহরণ রেখে মরণোত্তর দেহদানের মাধ্যমে।
2023-09-26

