নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন। এদিন সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। এদিন এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘মোদীজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা ও পরিশ্রমের বিরল সংমিশ্রণ দেখা যায়। মোদীজি দেশের ভাবনার স্কেল ও সাইজকে বদলে দিয়েছেন। আর তার ফলেই করোনা টিকা হোক কিংবা চন্দ্রযান ৩-এর সাফল্য, আজ আমাদের তেরঙ্গা বিশ্ব জুড়ে উড়তে শুরু করেছে।’
এদিকে বিজেপির দলীয় কর্মী ও নেতারা এদিন মহা সমারোহে মোদীর জন্মদিন পালনের নানা পরিকল্পনা করেছেন। সারাদিন ধরেই চলবে উদযাপন। এদিনই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের। কারিগর ও শিল্পীদের সাহায্যার্থে এই প্রকল্পে সাহায্য করা হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার তথা যশোভূমির উদ্বোধনও করবেন মোদি। তাছাড়া দ্বারকা সেক্টর ২১ ও নতুন মেট্রো স্টেশন দ্বারকা সেক্টর ২৫-কে সংযোগকারী সড়কেরও উদ্বোধন করবেন তিনি। এদিন শুরু হতে চলেছে ‘সেবা পাখওয়ারা’ও। চলবে ২ অক্টোবর পর্যন্ত।

