আগরতলা, ১২ সেপ্টেম্বর: রক্তের কোন ধর্ম ও জাত নেই। রক্তদানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতার প্রমাণ পাওয়া । আজ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপল (ডা.) মানিক সাহা একথা বলেন।
এদিন তিনি বলেন, রক্তদানের মাধ্যমে বিভেদ মুছে এক হওয়ার সুযোগ থাকে। রক্তদানে আত্মিক অনুভূতিরও জন্ম হয়। অনেক সময়ই লক্ষ্য করা যায় নিজ পরিবারের সদস্যদের মধ্যেই রক্তের বিভাগের কোন মিল থাকেনা। আবার অন্য মানুষের সঙ্গে রক্তগ্রহীতার রক্তের মিল পাওয়া যায়। এটাই প্রমাণ করে আমরা সবাই এক, আমরা সবাই অভিন্ন। রক্তদানের উপরে আর কোনও দান নেই।
সাথে তিনি যোগ করেন, রাজ্যে এখন স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্যে যোজনা চালু করার ঘোষণা করা হয়েছে। জেলা হাসপাতালগুলির উন্নতি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি ট্রমা সেন্টার চালু করা হয়েছে। রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে।
তিনি আরও বলেন, এজিএমসি হাসপাতাল ভারতের যেকোন হাসপাতাল থেকে কোনও অংশে কম নয়। এখানকার চিকিৎসক থেকে চিকিৎসাকর্মীরা ভাল কাজ করে চলছেন। সেক্ষেত্রে মনে রাখা দরকার সমাজে চিকিৎসকদের অবদান অসীম। তাই চিকিৎসকদের উপর মানুষের অব্যশই আস্থাশীল হওয়া প্রয়োজন। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদেরও রোগীর পরিবারের প্রতি বিনয়ী থাকা দরকার।

