নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): সোমবার নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সে দিন সকালেই বাবা হওয়ার খবর দিলেন যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরেই তিনি দেশে ফিরেছিলেন। এ দিন সকালে জানালেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। বুমরা ছেলের নাম রেখেছেন অঙ্গদ।
সোমবার সকালে একটি ছবি পোস্ট করে বুমরা লেখেন, “আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি। জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর তর সইছে না।”

