বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.): বাণিজ্য থেকে প্রযুক্তি, এখন প্রথম সারির দেশগুলির মধ্যে গণনা করা হচ্ছে ভারতকে। বললেন ইসরোর সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরুতে ইসরোর প্রধান কার্যালয়ে চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের নেপথ্যে থাকা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেছেন, “একটা সময় ছিল, যখন আমাদের তৃতীয় সারিতে গণনা করা হত। কিন্তু, এখন বাণিজ্য থেকে প্রযুক্তি, প্রথম সারির দেশগুলির মধ্যে গণনা করা হচ্ছে ভারতকে। ‘তৃতীয় সারি’ থেকে ‘প্রথম সারিতে’ এই যাত্রায় আমাদের ‘ইসরো’-রর মতো প্রতিষ্ঠানগুলি বিশাল ভূমিকা পালন করেছে।”
ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম এবং আপনাদের কুর্নিশ জানাতে চাই… আপনাদের প্রচেষ্টাকে স্যালুট।” এরপরই একের পর এক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “যে স্থানে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার অবতরণ করেছে, সেই বিন্দুটি ‘শিবশক্তি’ নামে পরিচিত হবে।…এই ‘শিবশক্তি’ পয়েন্টটি ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। মানুষের কল্যাণ আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “২৩ আগস্ট চাঁদে পতাকা উত্তোলন করেছিল ভারত। এখন থেকে সেই দিনটি ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসাবে পরিচিত হবে।” তিনি আরও বলেন, “চন্দ্রপৃষ্ঠের যে স্থানটিতে চন্দ্রযান-২ নিজস্ব পায়ের ছাপ রেখে গিয়েছে সেটি ‘তিরঙ্গা’ নামে পরিচিত হবে। এটি ভারতের প্রতিটি প্রচেষ্টার জন্য একটি অনুপ্রেরণা হবে। এটা আমাদের মনে করিয়ে দেবে যে কোনও ব্যর্থতা চূড়ান্ত নয়।” ইসরোর মহিলা বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “চন্দ্রযান-৩ মিশনে মহিলা বিজ্ঞানীরা মুখ্য ভূমিকা পালন করেছেন।”

