দক্ষিণ ২৪ পরগনা, ২৬ আগস্ট (হি স)। এ বার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। শনিবার সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে অন্তত ১০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করেন বিক্ষোভরতরা। তাঁদের অভিযোগ, ‘‘কয়েক হাজার গ্রাহকের কোটি কোটি টাকা লুট হয়ে গিয়েছে।’’
তাঁদের এ-ও অভিযোগ, এ নিয়ে একাধিক বার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। গত ছ’মাস ধরে ব্যাঙ্কের মোট ৬,৩১৯ জন গ্রাহক তাঁদের জমানো টাকা পাচ্ছেন না। ঋণ দেওয়ার নামে গ্রাহকদের অর্থ নয়ছয় হয়েছে বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকাও পাচ্ছেন না। গত ফেব্রুয়ারি মাসে প্রথম বিষয়টি তাঁদের নজরে আসে। এ নিয়ে বিডিও অফিস থেকে শুরু করে মহকুমাশাসকের কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি। তাঁদের আরও অভিযোগ, ‘অডিট’ করার নামে প্রহসন চলছে এখানে।
অভিযোগ, সমবায়ের যিনি স্পেশাল অফিসার ছিলেন, সেই সৌগত চক্রবর্তীকে বদলি করা হয়েছে। তিনিই এই ‘ষড়যন্ত্রের মূলচক্রী’ বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। প্রথমে গ্রাহকরা সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে বারুইপুর কামালগাজি বাইপাস রোড অবরোধ করেন।
এই ‘দুর্নীতির তদন্তে’ তাঁরা সিবিআই এবং ইডি তদন্তের দাবি করেছেন। এমনই এক গ্রাহকের কথায়, ‘‘এটা একটি বৃহত্তর ষড়যন্ত্র।’’ এর আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সম্প্রতি বড় মাপের আর্থিক অনিয়ম হয়েছিল।

