জলপাইগুড়ি, ৯ আগস্ট (হি.স.) : ভোটাভুটিতে অনুপস্থিত থেকে বোর্ড গঠনে তৃণমূলকে সাহায্য করল বাম-কংগ্রেস। স্বৈরাচারীকে ঠেকাতে এই পদক্ষেপ, জানালেন বাম-কংগ্রেস জোট।
বোর্ড হাতছাড়া হতেই পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ, ভাঙচুর বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটদানে বিরত থেকে তৃণমূলকে বোর্ড গঠন করার সুযোগ করে দিল বাম-কংগ্রেস। তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ, অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে তারা।
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রম পঞ্চায়েত দখল নিয়ে বুধবার সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। তৃণমূলই শেষমেশ বোর্ড গঠন করে। সিপিএমের ৩ এবং কংগ্রেসের ১ জন পঞ্চায়েত সদস্য ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। তার ফলে ১৫ আসন দখল করা তৃণমূল বোর্ড দখল করে।
ভোটে ১১টি আসন পেয়েছিল বিজেপি। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ বিজেপির। বিক্ষোভ দেখাতে শুরু করে পদ্মশিবির।

