কলকাতা, ২ আগস্ট (হি. স.) : আদালত আগেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছে। সোমবার কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ আসার পর কর্মসূচির ধরন বদলের ঘোষণা করেছিল তৃণমূল।
এবার সেই কর্মসূচির দিন বদল করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বুধবার বিধানসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “৫ তারিখে আমাদের যে কর্মসূচি ছিল সেটা ৬ তারিখে হবে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান হবে। সব ব্লকেই হবে, কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে। তার প্রতিবাদে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদে শামিল হব।”
এই কর্মসূচি এক দিন পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “দলগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করব।”
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, আদালতের হস্তক্ষেপের কারণেই কর্মসূচির ধরণ-সহ দিন বদল করতে বাধ্য হয়েছে তৃণমূল। জবাবে ফিরহাদ বলেছেন, “কোর্টের নির্দেশের সঙ্গে আমাদের এই কর্মসূচির কোন সম্পর্ক নেই। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মেনে আমরা যদি কোনও কর্মসূচি করি, তাহলে কোর্টের কী সম্পর্ক আছে?”
প্রসঙ্গত, গত ২১ জুন ধর্মতলার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন ৫ জুলাই গোটা রাজ্যে বিজেপি-র নেতাদের বাড়ি ঘেরাও করতে। এরকম নির্দেশের প্রতিবাদ করে বিরোধী দলনেতা আদালতে যান। হাইকোর্ট অভিষেকের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করে।

