চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক

কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, কাল বাদে পরশু অর্থাৎ বুধবার, ২৬ জুলাই, তিনি পাড়ি দিতে চান আমেরিকার উদ্দেশে।

ইডি সূত্রেই জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টে একটি হলফনামা জমা দিয়ে এই আর্জি জানিয়েছেন অভিষেক। তাঁর আবেদনটি শুনানির জন্য সোমবার বিকেলে ওঠার কথা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে।

ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক লিখেছেন, তিনি ইতিমধ্যেই ইডিকে তাঁর বিদেশ সফরের বিশদ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ কথাও জানিয়েছেন যে, গত ১৫ জুলাই এই সফরের কথা ইডিকে জানালেও, তাদের দিক থেকে কোনও জবাব আসেনি।

সোমবার হাই কোর্টে ওই হলফনামায় অভিষেক জানিয়েছেন, আগামী ৮ আগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। সেই চিকিৎসার জন্য প্রায় ২৪ দিন আমেরিকায় থাকতে চান তিনি। অভিষেকের এই আবেদন সোমবার বিকেল ৪টে ২৫ মিনিটে শুনানির জন্য উঠবে বলে খবর ইডি সূত্রে।