বিরোধীরা শুধু রাজনীতি চায়, আলোচনা নয় : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): বিরোধীরা শুধুমাত্র রাজনীতি চায়, আলোচনা নয়। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মণিপুর ইস্যুতে শুক্রবারও সংসদে হইহট্টগোল করেছেন বিরোধীরা। ফলে দফায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। মণিপুর পরিস্থিতি নিয়ে লোকসভায় হট্টগোলের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “মণিপুরের ঘটনা অবশ্যই অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মণিপুরে যা ঘটেছে তা সমগ্র দেশকে লজ্জায় ফেলেছে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা মণিপুর নিয়ে সংসদে আলোচনা চাই।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “আমি সর্বদলীয় বৈঠকে এই বিষয়ে বলেছিলাম এবং আমি সংসদে এটি পুনর্ব্যক্ত করছি যে আমরা মণিপুর নিয়ে সংসদে আলোচনা চাই। কিন্তু আমি দেখছি যে কয়েকটি রাজনৈতিক দল অকারণে এখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে মণিপুর নিয়ে আলোচনা না হয়। আমি স্পষ্টতই অভিযোগ তুলে ধরছি যে এই বিরোধীরা মণিপুর নিয়ে তেমন গুরুতর নয় যেমনটা হওয়া উচিত ছিল।”