নলহাটি, ১৫ জুলাই (হি. স.) : বীরভূমের নলহাটি থানার নবগ্রামে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে নিজেদের বাড়ির গোয়ালঘরের মেঝে থেকে পরিত্যক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কাজের সুবাদে কলকাতায় থাকেন। দুই সন্তানকে নিয়ে একাই বাড়িতে থাকতেন মহিলা। শুক্রবার রাত্রিবেলা তিনি ছেলে-মেয়েদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। তবে মধ্যরাতে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে দুই সন্তান। তখনই দেখতে পান গোয়াল ঘরে পড়ে রয়েছে মায়ের মৃতদেহ। পরে প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থলে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতের মেয়ে বলেন, “আমরা খাবার খেলাম একসঙ্গে তিনজন। তারপর একই সঙ্গে ঘুমোতে গিয়েছিলাম। কিন্তু রাত ১২টা নাগাদ হঠাৎ দেখি মা নেই। কোথায় গেল খুঁজলাম। পরে গোয়ালঘরের কাছে দেখি চিত হয়ে পড়ে রয়েছে। আমি আর ভাই পাশের বাড়িতে দৌড়ে গিয়ে সকলকে ডেকে নিয়ে আসি।”
মৃতার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাবি গৃহবধূকে খুন করা হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

