সোনামুরায় সিনিয়র ক্রিকেটের সুপারফোরে জয় দিয়ে সূচনা মতিনগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। সুপার ফোরে দারুণ সূচনা মতি নগর প্লে সেন্টারের। সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সাব ডিভিশন সিনিয়র মিট ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোর এর খেলা আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ২০ রানের ব্যবধানে শতদল সংঘকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে মতিনগর প্লে সেন্টার। মেলাঘর গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে মতি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।‌ ৫০ ওভারের খেলায় ২২.৪ ওভার খেলে মতিনগর প্লে সেন্টার সব কটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রমেশ দেববর্মার ১৮ রান এবং গণেশ দেববর্মার ১৪ রান কিছুটা উল্লেখযোগ্য হলেও অন্যরা রান সংগ্রহ করতে না পারায় অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে। শতদল সংঘের অমরেশ দাস ২২ রানে তিনটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে লো স্কোরিং টার্গেট পেয়ে শতদল সংঘের বচ্চন দাস কিছুটা ভালো ব্যাট করে ৩৬ রান সংগ্রহ করে দলকে জয়ের আশার আলো দেখালেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আর পি সিং ও ইকবাল হোসেন দুজনে তিনটি করে উইকেট তুলে নিয়ে শতদলের জয়ের প্রত্যাশায় জল ঢেলে দেয়। আর পি সিং পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। সুপার ফোরে উন্নীত অপর দুটি দল ব্লাড ড্রপস ও নেতাজি সংঘ আগামী কাল পরস্পরের মুখোমুখি হবে।