যাত্রী শেড থেকে উদ্ধার দিব্যাঙ্গন শিশু

আগরতলা, ২৬ জুন (হি.স.) : সোমবার সাত সকালে জাতীয় সড়কের পাশে যাত্রী শেড থেকে বছর পাঁচেকের এক দিব্যাঙ্গন শিশু উদ্ধার হয়েছে। উদয়পুর টেপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকায় ওই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ শিশুটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ সকালে প্রাত:ভ্রমণে বেরিয়ে উদয়পুর টেপানিয়া হাসপাতাল চৌমুহনী স্থিত যাত্রী শেডে এক দিব্যাঙ্গন শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। সাথে সাথে তাঁরা থানায় খবর দেন। স্থানীয় মানুষই শিশুটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন তিনি।