এনএসআরসিসি-১(সলমান)
আনন্দভবন-১ (অ্যালেক্স)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। প্রায় ৬৭ মিনিট এগিয়ে থেকেও জয় পেলো না এন এস আর সি সি। ইঞ্জুরি টাইমে অ্যালেক্স ডার্লং এর গোলে সমতা ফিরিয়ে পযেন্ট ভাগ করলো আনন্দভবন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। মঙ্গলবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। ফলাফল ১-১। দুদলই দুর্দান্ত ফুটবল উপহার দেয়। কিন্তু ম্যাচের শেষ সময়ে রক্ষণভাগের সামান্য ভুলে গোল হজম করে পয়েন্ট ভাগ করতে বাধ্য হলো এম ডি মুজিবুর রহমানের দল। শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা পয়েন্ট এনে দিলো সুজিত ঘোষের দলকে। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। তবে দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন করা এন এস আর সি সি-র ফুটবলারদের মধ্যে বোঝাপড়া ভালো ছিলো। এরই সুযোগে ২৩ মিনিটে এগিয়ে যায়েন এস আর সি সি। গোলটি করেন সলমন হুসেন। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেন বিশ্বজিৎ রিয়াং-রা। ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি তীব্র থাকলেও নির্ধারিত সময়ের ১ মিনিট আগে পর্যন্ত বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি আনন্দভবনের ফুটবলাররা। খেলার ইঞ্জুরি টাইমে এন এস আর সি সি-র রক্ষণভাগের ফুটবলারদের সামান্য ভুলে অ্যালেক্স ডার্লং সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি অমিমাংশিতভাবে শেষ হয়। রেফারি বিশ্বজিৎ দাস হলুদ কার্ড দেখান এন এস আর সি সি-র ইদু মিঁয়াকে।

