গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : অসমে দুই জেলায় বন্যার জলে মাছ শিকার করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনা কামরূপ গ্রামীণ জেলার অন্তৰ্গত বকো এবং বাকসা জেলার জালাহে সংঘটিত হয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিকেলে ঘটনা সংঘটিত হয়েছে কামরূপ গ্রামীণ জেলার অন্তৰ্গত বকোয়। বকোয় চিরাং নদীতে বন্যার জলে মাছ শিকার করছিলেন মনোজ রাভা নামের এক যুবক। কিন্তু নিজের অসাবধানতাবশত চিরাং নদীতে তলিয়ে যান মনোজ।
আরেকটি দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে বাকসা জেলার জালাহ রাজস্ব সার্কলের রূপহি গ্রামে। ওই ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাতে। নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের পরিচয় জানা যায়নি। জানা গেছে, তিনিও নদীর জলে মাছ শিকার করতে গিয়ে পড়ে যান। তবে এসডিআরএফ-এর অভিযানে আজ বিকালে রূপহির যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বকোয় নদীতে নিখোঁজ যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

