কসমোপলিটন- ১১৬/৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।বৃষ্টির থাবা নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠেও। প্রথম দিনে উইকেটে বল গড়ালো মাত্র ৩১ ওভার। তাতে চাপে কসমোপলিটন। প্রথম ম্যাচে লিড নেওয়া স্ফুলিঙ্গের লক্ষ্য কসমোপলিটন ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়া। তা অনেকটা নির্ভর করবে প্রকৃতির উপর। আকাশ যেভাবে কালো মেঘে ঢেকে আছে তাতে আদৌ কতটা ম্যাচ শেষ হবে তা নিয়ে সন্দীহান ক্রিকেট মহল। তাই আপাতত স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়া। আর ওই কাজটা করতে হলে আজ দ্বিতীয় দিনে দ্রুত কসমোপলিটনের ৫ উইকেট তুলতে হবে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনে ৩১ ওভার ব্যাট করে কসমোপলিটন ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দুরন্ত ফর্মে থাকা রিয়াজ উদ্দিনকে আজ দ্রুত তুলে নিতে না পারলে দীপক ভাটনাগরের দলের সমস্যা হতে পারে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ৩১ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে। শুরু থেকে চাপে থাকা কসমোপলিটনকে কার্যত একাই টেনে তোলার চেষ্টা করেন তন্ময় ঘোষ। ঠান্ডায় মাথায় ব্যাট করে দলকে কিছুটা চাপমুক্ত করেন তন্ময়। চাপের মুখে ৬৮ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তন্ময়। এছাড়া দলের পক্ষে দলনায়ক পল্লব দাস ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং রিয়াজ উদ্দিন ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (অপ:) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। দ্বিমুকুট জয়ী স্ফুলিঙ্গের পক্ষে আনন্দ ভৌমিক (২/০) এবং জয়দীপ ভট্টাচার্য (২/২৩) সফল বোলার। রবিবার দ্বিতীয় দিনে স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে দ্রুত কসমোপলিটনের শেষ ৫ টি উইকেট তুলে নেওয়া।

