নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : ফের রাজস্থান কংগ্রেসে প্রবীণ-নবীন দ্বন্দ্ব ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যে ফের মতোবিরোধ দেখা দিয়েছে ৷ তা নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এবার দিল্লিতে দুই নেতার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসছেন কংগ্রেস সভাপতি ৷ এ বছর রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এই দুই শীর্ষনেতার মধ্যে তৈরি হওয়া মতানৈক্য মেটাতে তৎপর হয়েছে হাইকমান্ড ৷ কংগ্রেসের এক শীর্ষনেতা জানিয়েছেন, গেহলট এবং পাইলটের সঙ্গে আজই দিল্লিতে বৈঠক করবেন খাড়গে ৷
দিল্লিতে যে এই বৈঠক হচ্ছে, তার নিশ্চয়তা পাওয়া গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও ৷ সেখান থেকে বলা হয়েছে রাজধানীতে রাজস্থান হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন গেহলট ৷ এই সফরেই তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করবেন ৷ তবে, অশোক গেহলট এবং সচিন পাইলটের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তিনি ৷
উল্লেখ্য, পাইলট রাজস্থান সরকারের কাছে তিন দফা দাবি রেখেছিলেন ৷ সেই দাবিগুলি এ মাসের মধ্যে পূরণ না হলে তিনি রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করবেন বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ৷

