নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : বোন পরিণীতি চোপড়ার বাগদান উপলক্ষে দিল্লি পৌঁছলেন প্রিয়াঙ্কা চোপড়া। শনিবার সকালেই দিল্লি এয়ারপোর্টে উড়ে এলেন অভিনেত্রী । তবে আগের বারের মতো সঙ্গে নিক জোনাস বা মেয়ে মালতিকে দেখা যায়নি প্রিয়াঙ্কার সঙ্গে।
শনিবার সকালে দিল্লি এয়ারপোর্টে প্রিয়াঙ্কাকে দেখা যায় হালকা ব্রাউন রঙের ওভার সাইজড টি-শার্ট এবং একই রঙের ট্রাউজারে। সঙ্গে মানানসই সানগ্লাস এবং মাথায় একটি কালো রঙের টুপি ছিল প্রিয়াঙ্কার। সাংবাদিকদের দেখেও খুশি হন প্রিয়াঙ্কা। হাতজোড় করে নমস্কারের ভঙ্গি করেন অভিনেত্রী। সেই সঙ্গে মুখেও প্রিয়াঙ্কা ‘নমস্কার’ বলেন। শুধু সাংবাদিকদের সঙ্গে ভাল ব্যবহারই নয়, ভক্তদের সেলফি তোলার আবদারও মেটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
প্রসঙ্গত, শনিবারই রাঘব এবং পরিণীতির এনগেজমেন্ট হওয়ার পুরো প্রস্তুতি সারা হয়ে গিয়েছে বলেই খবর । জানা গেছে, বিকেল ৫টায় রাঘব চাড়ার বাড়িতেই শিখ নিয়ম মেনে শুরু হবে দুজনের বাগদানের অনুষ্ঠান। প্রিয়াঙ্কা ছাড়াও অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানেরও উপস্থিত থাকার কথা এই অনুষ্ঠানে।

