মুম্বই, ১২ মে (হি. স.) : বিতর্কের মাঝেই ৬ দিনেই ৭০ কোটির দোড়গোড়ায় আদাহ শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’।
বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম ছয় দিনে ‘দ্য কেরালা স্টোরির আয়ের পরিমাণ ৬৮.৮৬ কোটি। বক্স অফিস কালেকশনের নিরিখে ব্লকবাস্টার ছবির তকমা পেল ছবিটি। ছবি মুক্তির প্রথম দিন বক্স অফিস আয় ছিল ৮.০৩ কোটি টাকা। এরপর শনিবার ১১.২২ কোটি টাকা ও রবিবার ১৬.৪০ কোটি কালেকশন করেছে।
গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে এই ছবি নিয়ে। বাংলা সহ বেশ কিছু জায়গায় এই ছবি নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে। যার ফলে দ্য কেরালা স্টোরি নিয়ে দর্শকের আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন নতুন করে বিতর্ক দানা বাঁধলেও বক্স অফিসে তার বিন্দুমাত্র আঁচ পড়েনি। সোমবার ছবির আয়ের পরিমাণ ১০.০৭ কোটি টাকা। মঙ্গল ও বুধবার ১১.১৪ কোটি ও ১২ কোটি। বক্স অফিস কালেকশনের গ্রাফ যেভাবে ঊর্ধমুখী হচ্ছে তাতে ছবি বিশেষজ্ঞদের ধারণা উইকেন্ডেই ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে যাবে বহু চর্চিত ছবি ‘দ্য কেরালা স্টোরি।‘

