কলকাতা, ৮ মে (হি. স.) : প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনিমেষ-মাধবীলতার স্রষ্টার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। অনিমেষ চতুষ্ক সমরেশ রচিত চারটি অবিস্মরণীয় উপন্যাস। উপন্যাসগুলি হল ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং মৌষলকাল। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রের খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিককে। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।
১৯৪৪ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

