৮ কিমির মেগা রোড শোয়ে মোদী, শেষবেলায় মরিয়া প্রচার কর্ণাটকে

লখনউ, ৭ মে (হি.স.) : কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ ধাপে রবিবার ফের মেগা রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ রবিবার সকালে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে দীর্ঘ ৮ কিলোমিটারের রোড শো শুরু করেছেন তিনি। রাস্তায় সারিবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ যেখান দিয়েই নমোর গাড়ি এগোচ্ছে, সেখানেই তাঁকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হচ্ছে ৷ আশপাশের সড়কে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ বহু যানবাহনের যাতায়াতের রুট বদলে দিয়েছে ৷

বেঙ্গালুরুর নিউ থিপ্পাসান্দ্রা রোডে কেম্পেগৌড়া মূর্তি থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠা কেম্পেগৌড়ার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ এইচএএল সেকেন্ড ফেজ ৮০ ফুট রোড জংশন হয়ে এমজি রোড, দ্বাদশ মেইন রোড জংশন, ইন্দিরা নগর, সুব্রামানিয়াস্বামী মন্দির এবং ট্রিনিটি সার্কেল দিয়ে যাবে মোদির রোড শো।
এদিন তিনি শিবমোগা তালুকের আয়ানুরুতে সরকারি প্রি-গ্রাজুয়েশন কলেজের পাশে বিজেপির প্রচার সভায় অংশ নেবেন। শিবমোগা জেলা বিজেপি সভাপতি টিডি মেঘরাজ জানিয়েছেন, প্রায় ১০০ একর জমিতে এই সম্মেলন হবে। বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবমোগা জেলার ৭টি নির্বাচনী এলাকা, দাভানাগেরে ২টি নির্বাচনী এলাকা এবং চিককামাগালুরুর একটি কেন্দ্রের প্রার্থীদের পক্ষে প্রচার করবেন। সভায় ১০টি কেন্দ্রের ভোটাররা অংশ নিচ্ছেন। প্রতিটি নির্বাচনী এলাকা থেকে ৩০ হাজার লোক-সহ প্রায় তিন লাখ লোক প্রধানমন্ত্রীর বৈঠকে আসবেন বলে আশা করছে বিজেপি।
প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২৬ কিলোমিটার পথ রোড শো করেছিলেন ।