ত্রিপুরায় গত দশ বছরে জিএসডিপি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বেড়েছে মাথা পিছু গড় আয়


আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.): ত্রিপুরায় গত দশ বছরে জিএসডিপি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তেমনি মানুষের মাথা পিছু গড় আয়ও বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা সরকারের পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী জাতীয় গড় আয়ের সাথে রাজ্যে মানুষের গড় আয়ের বিশেষ ফারাক নেই।
ত্রিপুরা সরকারের পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী রাজ্যে ২০১১-১২ অর্থ বছরে জিএসডিপি ছিল ১৯২০৮.৪১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে জিএসডিপি বেড়ে দাড়িঁয়েছে ৬৪৭৭৮.০৮ কোটি টাকা। তেমনি ২০১১-১২ অর্থ বছরে রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় ছিল ৪৭১৫৫ টাকা। ২০২১-২২ অর্থ বছরে রাজ্যের মাথা পিছু গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪০৮০৩ টাকা। এদিকে ২০২১-২২ অর্থ বছরে জাতীয় মাথা পিছু গড় আয় ১৫০০০৭ টাকা। তাতে দেখা যাচ্ছে, মাথা পিছু গড় আয়ের ক্ষেত্রে জাতীয় পরিসংখ্যানের সাথে রাজ্যের বিশেষ ফারাক নেই।