আতিক ও আশরাফকে হত্যা মামলার আবেদন গৃহীত সুপ্রিম কোর্টে, শুনানি ২৪ এপ্রিল

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক তথা ‘গ্যাংস্টার’ আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে হত্যা মামলার অভিযোগ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার অর্থাৎ ২৪ এপ্রিল এই মামলার শুনানির দিন স্থির করা হয়েছে। গত ১৫ এপ্রিল রাতে প্রয়াগরাজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল আতিক এবং তার ভাই আশরফকে। হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই ভাই। পুলিশের ঘেরাটোপে থেকে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেই ভিড়েই সাংবাদিক সেজে হাজির ছিল তিন আততায়ী। সুযোগ পেয়ে পুলিশের সেই নিরাপত্তার বলয় টপকে আতিক এবং আশরফের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে। তার পর আত্মসমর্পণ করে তিন দুষ্কৃতীই।

আতিক এবং আশরফের হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এত পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে দুই ভাইকে গুলি করে মারল আততায়ীরা। এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলেও জোর জল্পনা চলছে। একই সঙ্গে, কে বা কারা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িয়ে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। এবার আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে হত্যা মামলার অভিযোগ গ্রহণ করল সুপ্রিম কোর্ট।