গুয়াহাটি, ১৮ এপ্রিল (হি.স.) : মণিপুরে অনুষ্ঠিত ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ১২ ফাইনালিস্ট অসমকন্যা অনুষ্কা লেখারুকে আজ মঙ্গলবার সংবর্ধনা জানিয়েছে ব্যতিক্রম পরিবার।
অনুষ্কাকে সংবর্ধনা জানিয়ে ব্যতিক্রম মাসডোর প্রতিষ্ঠাতা ড. সৌমেন ভারতীয়া বলেন, ‘অসমের মেয়ে অনুষ্কা মিস ইকো ওয়ারিয়রের মর্যাদাপূর্ণ খেতাব জিতে সমগ্র অসমেকে গর্বিত করেছেন। বর্তমান যুব প্রজন্মদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন অনুষ্কা। আমরা আজ তাঁকে অভিনন্দন জানাতে পেরে খুব খুশি। তিনি সত্যিই সমস্ত স্বীকৃতি এবং প্রশংসার যোগ্য।’
ফেমিনা মিস ইন্ডিয়া অনুষ্কা লেখারু তাঁকে সংবর্ধনা জানানোয় ব্যতিক্রম পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এতে তিনি উৎসাহিত হয়েছেন বলেও জানান।
তিনি বলেন, ‘ফেমিনা মিস ইন্ডিয়া এমন একটি শব্দ যা আমার জীবনে অনেক তাৎপর্য রাখে। কারণ আমি চিরকাল একই নামে অভিহিত হওয়ার কল্পনা করেছি৷ এটি একটি জীবন-পরিবর্তনকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তরুণ প্রতিভাকে সকলের কাছে আশা ও অনুপ্রেরণার কণ্ঠস্বর হিসেবে তৈরি করে।’

