বাঁকুড়া, ১২ এপ্রিল (হি. স.) : পঞ্চায়েত ভোটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জেলায় জেলায় অশান্তি শুরু হয়েছে। কোথা কোথাও তা মাত্রাছাড়াও হয়ে উঠছে। বুধবার বিষয়টি নিয়ে মুখ খোলেন খোদ তৃণমূলের সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভায় তিনি বলেন, “আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তৃণমূল কাকে প্রার্থী করবে! আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে, তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করবে। একটা গণতন্ত্রে কোনও দল শেষ কথা বলে না। মানুষই শেষ কথা।”
অভিষেকের বক্তব্য, ধর্মের ভিত্তিতে যদি ভোট দেন তাহলে এ অবস্থা হবে। আপনার অধিকার পাবেন না। মোদীরজির রামমন্দির, ৫৬ইঞ্চি ছাতির উপর ভরসা করেছেন তারা বুঝেছেন খাল কেটে কুমির এনেছেন।
অভিষেক এদিন বলেন, আগামী পঞ্চায়েত ও লোকসভায় ধর্ম নাকি নিজেদের অধিকারের জন্য ভোট দেবেন তা ঠিক করতে হবে আপনাদেরই। আবাস যোজনায় ১১ লক্ষ ৩৫ হাজার প্রাপক। প্রাপকদের নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তালিকায় ভুল আছে কিনা দেখাক? সেই তালিকায় যদি ভুল থাকে তাহলে কথা দিচ্ছি আর ভোট চাইতে আসব না।
অভিষেক বলেন, হার্মাদ বাহিনী বাঁকুড়ায় অত্যাচার চালিয়েছে। গ্রামের মানুষের হকের টাকা চাই। ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বাংলায় হেরে প্রতিশোধ নিয়ে আটকে রেখেছে। ১ লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে। কতবার বলেছে সৌমিত্র খাঁ? দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টে মামলা। আইনি জটিলতা তৈরি করেছে।

