নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্যের সবকটি ছাত্রাবাস ও ছাত্রী আবাস সঠিকভাবে পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ কোথাও কোন ধরনের অবহেলা কিংবা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি৷ আবাসে বসবাস করে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের স্বার্থে সকলকে কাজ করতে হবে৷ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী রাজ্যের বিভিন্ন স্থানে হোস্টেল পরিদর্শন শুরু করেছেন৷ সোমবার রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ণ এস সি গালস হোস্টেল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে হোস্টেল পরিদর্শন করেন৷ কথা বলেন হোস্টেলে ছাত্রীদের সাথে৷হোস্টেলে রান্নার ঘর সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী৷ পরিদর্শনে হোস্টেলের বিভিন্ন সমস্যার মধ্যে নজর বন্দী হয় মন্ত্রীর৷ পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হোস্টেল গুলি পরিদর্শন করার মূল উদ্দেশ্য হলো যাতে পরিকাঠামগত কিংবা শিক্ষাগত ত্রুটি থাকলে দ্রুত সমাধান করা এবং আভ্যন্তরীণভাবে ছাত্রছাত্রীরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে৷ কারণ বহু পরিবার রয়েছে যারা আর্থিকভাবে দুর্বল৷ তাদের ছেলেমেয়েদের এই হোস্টেল গুলিতে পড়াশুনা করার জন্য পাঠানো হয়৷ কিন্তু হোস্টেল গুলিতে এসে যাতে তারা সরকারি সুযোগ-সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটাই দপ্তরের মূল লক্ষ্য৷
2023-04-10

