মধ্যপ্রদেশ : দুটি বাস দুর্ঘটনায় আহত ২০ জনের বেশি যাত্রী

গোয়ালিয়র, ৮ এপ্রিল (হি. স.) : শনিবার সকালে রাজ্যের ছিন্দওয়ারা এবং গোয়ালিয়র জেলায় পৃথক দুটি বাস দুর্ঘটনায় আহত হয়েছে ২০ জনেরও বেশি যাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ছিন্দওয়ারা জেলায়। সিওনি রোডের রামগড়ি ঘাট ও পরসিয়ার কাছে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। শনিবার এই যাত্রীবাহী বাসটি জবলপুর থেকে ছিন্দওয়াড়া আসছিল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কুন্দিপুর টিআই মহেন্দ্র ভগত জানান, আহতদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালিয়র জেলায়। শনিবার সকালে মহারাজপুরা থানা এলাকার লক্ষ্মণগড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। আকস্মিক দুর্ঘটনায় বাসের ১০ জনেরও বেশি যাত্রী একে অপরের উপর পড়ে আহত হন। প্রাথমিকভাবে চালকের ঘুমের জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।