ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। গেমস এন্ড স্পোর্টসের তৃতীয় পর্যায়ে শনিবার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবারে লুডো, বুধবারে চাইনিজ চেকার্স এবং আজ দাবার পর ক্রমান্বয়ে ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় কিরীটি দত্ত এবারও চ্যাম্পিয়ন এবং অভিষেক চক্রবর্তী রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন বিকাশ ধানুকা। প্রতিযোগিতায় মোট ১৬ জন খেলোয়াড় ছিলেন। খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব-কমিটির কনভেনের অভিষেক দে। চেয়ারম্যান অলক ঘোষও উনার সংক্ষিপ্ত ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। দাবার আসরে সামগ্রিক সহযোগিতায় ছিল ম্যাট্রিক্স চেস একাডেমি। উল্লেখ্য, আগামীকাল সকাল ৯ টায় আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৪০ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, মহিলা সাংবাদিক ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের অন্যতম প্রাক্তন রঞ্জি অধিনায়ক তথা বোর্ডের ম্যাচ রেফারি রাজীব দেববর্মা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই ঠিক সাড়ে আটটার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে রিপোর্ট করতে বলা হচ্ছে।
2023-03-25

