কলকাতা, ২০ মার্চ (হি.স.) : নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর সোমবার নগর দায়রা আদালতে তোলা হয় তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনুর ঘনিষ্ঠ অয়ন শীলকে। পাশাপাশি সোমবার ট্রলিতে চাপিয়ে বেশকিছু নথিও আনা হয় আদালতে।
এদিন আদালতে ইডি আইনজীবী বলেন, আমরা সোনার খনিতে প্রবেশ করেছি। জানি না কত পরিমাণ গোল্ড রয়েছে। এই অভিযুক্ত গ্রেফতারের সঙ্গে যে পরিমাণ টাকা হদিশ পাওয়া পাশাপাশি যে ধরণের নথিও উদ্ধার হচ্ছে, তাতে আমরা স্তম্ভিত। আমরা এতদিন শুধু শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিলাম। কিন্তু এখন দেখছি শিক্ষা নয়, রাজ্য সরকারে প্রায় সমস্ত দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে। ৬০টি পুরসভায় বেআইনিভাবে ৫০০০ চাকরি হয়েছে। গোটা রাজ্যের সমস্ত দফতরে ‘জব ব়্যাকেট’ ছড়িয়ে পড়েছে।
এদিন অয়নের আইনজীবী আদালতে দাবি করেন, করপোরেশনে যে রিক্রুটমেন্ট হয়েছে, তা করার জন্য পারমিশন ছিল অয়নের কাছে। এই প্রেক্ষিতে বিচারক বলেন, কে পারমিশন দিয়েছিল সরকার? অয়নের আইনজীবী হেসে সম্মতিও জানান। এদিন ইডি ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।
এদিকে ইডি সূত্রের খবর, সল্টলেক এফডি ব্লকে অয়নের অফিসে হানা দিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছে ৩০০টিরও বেশি ওএমআর শিট। অ্যাডমিট কার্ড ও ক্যান্ডিডেট লিস্টের জেরক্স কপিও উদ্ধার করেছে তদন্তকারীরা। ৬০টি-র বেশি পুরসভা নিয়োগের ওএমআর শিট উদ্ধার করা হয়েছে। সাতটি হার্ড ডিস্ক সহ দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার করা হয়েছে ব্যাঙ্ক সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সহ দুটি গাড়ির নথিও।

