শিলচরের নাজিরপট্টিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান

শিলচর (অসম), ১৫ মার্চ (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের নাজিরপট্টিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্র আনুমানিক এগারোটা নাগাদ । ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় অনিরুদ্ধ দাসের মালিকানাধীন একটি পোশাকের দোকান, তনুশ্রী ফুটওয়্যার এবং অনন্যা টেইলর নামে পরিচিত একটি দর্জির দোকান । ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, রাতে বন্ধ থাকা দোকানের ভিতরে থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ জাগে অনেকের । এরপর সঙ্গে সঙ্গে দোকানের স্বত্বাধিকারিকে খবর দেওয়া হলে এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অন্য দুইটি দোকানে ।
অবস্থা বেগতিক দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে পাঁচটি ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছলে ওই এলাকায় সরু রাস্তার কারণে দমকলের ইঞ্জিনকে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে । পরে আগুন নিয়ন্ত্রণ করতে বিকল্প কৌশল অবলম্বন করতে হয় দমকল কর্মীদের । সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় যুবকরা । একটানা তিন ঘণ্টার কঠোর লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা যায়নি । ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুন ঘটনার সূত্রপাত । ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও কুড়ি লক্ষের অধিক টাকার ক্ষতি হবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা ।