উদয়পুর(ত্রিপুরা), ৬ মার্চ (হি.স.): গোমতী নদীতে নিখোঁজ ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে রাধাকিশোরপুর থানাধীন ছনবন এলাকায় গোমতী নদীতে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ গোমতী নদীতে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন তিনি। সাথে সাথে তিনি রাধাকিশোরপুর থানায় খবর দেন।খবর এসেছে থানার ওসি বাবুল দাসের নেতৃত্ব পুলিশ সহ টিএসআর বাহিনী। পুলিশ ওই দেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ-বিষয়ে ওসি বাবুল দাস জানিয়েছেন, মৃত ব্যক্তি উদয়পুর খিলপাড়ার বাসিন্দা দিলীপ ঘোষ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পেশায় তিনি একজন রিক্সা চালক ছিলেন। দিলীপ ঘোষের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে মৃতদেহ শনাক্ত করেছেন।
সাথে তিনি যোগ করেন, দিলীপ দাস গত তিনদিন আগে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজা খুঁজি করলেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। স্ত্রী ও সন্তানদের সাথে দিলীপের ভালো সম্পর্ক ছিল না বলেও তিনি জানতে পেরেছেন। অবশেষে আজ সকালে গোমতী নদীতে ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, জানান তিনি।
তিনি বলেন, দিলীপ দাসের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

