ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি. স.) : আরও ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় গোটা বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে চার লক্ষের বেশি মানুষ। আর করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন এক হাজার ৩১৯ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ২৬ হাজার ৯০৪ জন। প্রাণ হারিয়েছেন ৩৩৪ জন। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, চিন সহ একাধিক দেশে কার্যত করোনার সুনামি আছড়ে পড়েছে। যার ফলে ক্রমাগত উদ্বেগ বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লক্ষ ৫২ হাজার ৩০৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ৬৬ কোটি ৭০ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন। করোনার আরও ১ হাজার ৩১৯ জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ৫ হাজার ৯৩১ জনে।
শুধুমাত্র জাপানেই গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২৬ হাজার ৯০৪ জন। দক্ষিণ কোরিয়ায় ৬৪ হাজার ১০৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫১৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৯ জন। মারা গিয়েছেন ২২০ জন। ব্রাজিলে আরও ২৮ হাজার ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। লাতিন আমেরিকার দেশটিতে মারা গিয়েছেন আরও ১৮৩ জন।

