ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জি.বি প্লে সেন্টারও জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের লক্ষ্যে এগুচ্ছে। যদিও জিবি প্লে সেন্টার আজ চার রানের ব্যবধানের রোমাঞ্চকর ভাবে এডি নগর প্লে সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। টস জিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৫ ওভার ১ বল খেলে ১১৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ঋতুরাজ ঘোষ সর্বাধিক ৪৪ রান পায়। এডি নগরের তীর্থ চক্রবর্তী উনিশ রানে চারটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ৩৭ ওভার খেলে ১১২ রানে ইনিংস শেষ করে নিতে বাধ্য হয়। দলের পক্ষে তুহিন দেবনাথ দুর্দান্ত ৫৮ রান এবং স্নেহাল দত্ত ৩২ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। জিবি প্লে সেন্টারের উদয়ন পাল নয় রানে চারটি এবং ঋদ্ধিমান দাস ১২ রানে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেয়। উদয়ন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি।
2022-12-29

