ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।জয়ে ফিরলো ইউনাটেড নর্থ রাইডার্স। বুধবার ধলাই ওয়ারিয়র্সের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার সিপাহীজলা স্টারকে পরাজিত করে ইউনাটেড নর্থ রাইডার্স। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে অলিভিয়া সিনহার দল রয়েছে শীর্ষে। এদিন দলকে জয় এনে দুইতে মূখ্য ভূমিকা নেন পূজা পাল। শেষ দিকে পূজার ব্যাট ঝলসে উঠে। আর তাতেই আসে জয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় পূজাকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে ইউনাটেড নর্থ রাইডার্স ৮ উইকেটে পরাজিত করে সিপাহীজলা স্টারকে। ঘন কুয়াশার জন্য এদিনও নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ম্যাচ কমিয়ে আনা হয় ১১ ওভারে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সুপ্রিয়া দাসের দুরন্ত অর্ধশতরানে সিপাহীজলা স্টার নির্ধারিত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে সুপ্রিয়া ৪০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং জাসমিন কর ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (অপ:) রান করেন। জবাবে খেলতে নেমে ইউনাটেড নর্থ রাইডার্স ১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পূজা পাল ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ (অপ:), শিউলি চক্রবর্তী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, পূজা দাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮(অপ:) এবং প্রীয়া সূত্রধর ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সিপাহীজলা স্টারের পক্ষে নিকিতা দেবনাথ (২/১৮) সফল বোলার।
2022-12-29

