নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সংসদে দাঁড়িয়ে বিহার নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মন্তব্যের পর থেকেই বিহারের আরজেডি ও জেডিইউ সাংসদরা মন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় অবস্থান নেন। বেগতিক দেখে ক্ষমা চেয়ে বিবাদ মেটানোর পথেই হাঁটলেন আদতে মুম্বইয়ের বাসিন্দা পীযূষ।
সূত্রপাত গত মঙ্গলবার। আরজেডি সাংসদ মনোজ ঝা রাজ্যসভায় মুদ্রাস্ফীতি নিয়ে বলছিলেন। সেই সময়ই মনোজকে থামিয়ে দিয়ে পীযূষ রসিকতার সুরে বলে ওঠেন ‘‘ইনকা বস চলে তো দেশ কো বিহার বানা দে!’’ বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায়, এরা পারলে দেশকেই বিহার বানিয়ে ফেলেন! মনোজ সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন। জগদীপ ধনখড়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘স্যর, এটা বিহারকে অপমান। পীযূষজি আমি আপনার সামনে জোড়হাত করে আবেদন করছি, আমার সম্পর্কে যা খুশি বলুন, কিন্তু দয়া করে বিহার নিয়ে কিছু বলবেন না।’’
বৃহস্পতিবারও পীযূষের মন্তব্য নিয়ে সরগরম হয়ে ওঠে সংসদ। দাবি ওঠে, ‘‘বিহারের কোনও অপমান মানব না। পীযুষ গয়াল ক্ষমা চাও।’’ এই ধ্বনিতে স্লোগান দিতে থাকেন বিহারের সাংসদরা। তবে চুপই থাকার পথ নেন বিহারের বিজেপি সাংসদরা। তার পরেই চাপে পড়ে মনোজের দাবি মেনে নিয়ে একটি বিবৃতি দেন পীযূষ। তাতে ক্ষমা চেয়ে মন্তব্য ফিরিয়ে নেন তিনি। পীযূষ বলেন, ‘‘বিহার বা বিহারের বাসিন্দাদের অপমান করার উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু তা-ও যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’’

