বিদর্ভ-২৬৪
ত্রিপুরা- ২৯০/৭
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।।প্রাথমিক লক্ষ্য পূরণ। এগিয়ে যাওয়া হলো স্বাগতিক বিদর্ভ থেকে। এবার লক্ষ্য সরাসরি জয় পাওয়ার। সেই লক্ষ্যেই এখন এগুচ্ছে ত্রিপুরা। আপাতত এগিয়ে রয়েছে ২৬ রানে। কিন্তু দিনের শেষ বেলায় ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে রাজ্যদল। আজ তৃতীয় দিনে শেষের ব্যাটসম্যানদের লক্ষ্য থাকবে লিডের মাত্রা আরও বাড়ানো। কমকরে ১০০ রানের লিড নিতে পারলেই সরাসরি জয়ের জন্য ঝাপাতে পারবে ত্রিপুরা। নাগপুরে অনুষ্ঠিত রণজি ট্রফি ক্রিকেটে। ওই রাজ্যের সিভিল লাইন্সের ভি সি এ স্টেডিয়ামে বিদর্ভের গড়া ২৬৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে। ত্রিপুরার দুই পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি এবং দলনায়ক ঋদ্ধিমান সাহা অর্ধশতরান করেছেন। প্রথম দিনের বিনা উইকেটে ৩ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার দুই ওপেনার বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস বুধবার দিনের শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে দুজন ১১৬ বল খেলে ৬৬ রান যোগ করে দলীয় ব্যাটসম্যানদের মনোবল বাড়িয়ে দেন। তবে দুর্ভাগ্য বিশালের। দুরন্ত ব্যাট করলেও ২ রানের জন্য অর্ধতরান থেকে বঞ্চিত হয়েছেন। বিশাল ৭৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং বিক্রম ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দুজন আউট হওয়ার পর দুরন্ত ফর্মে থাকা শ্রীদাম পাল এবং পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। ঠান্ডা মাথায় দুজন ব্যাট করে স্কোরবোর্ড সচল রাখেন। তৃতীয় উইকেটে ওই জুটি ১৬১ বল খেলে ৯৬ রান যোগ করে ত্রিপুরাকে লিড নেওয়ার স্বপ্ন দেখাতে থাকেন। শ্রীদাম ৮৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন। ব্যর্থ হয়েছেন দীপক ক্ষত্রী। এরপর সুদীপের সাথে কঁাধে কঁাধ মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে থাকেন দলনায়ক ঋদ্ধিমান। ওই জুটি প্রত্যাশিতভাবে ত্রিপুরাকে লিড এনে দেন। দলীয় ২৮০ রানের মাথায় সুদীপের সংগ্রামী ইনিংসের ইতি ঘটে। আউট হওয়ার আগে সুদীপ ১৮৩ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ রান করেন। পঞ্চম উইকেটে ঋদ্ধিমানের সঙ্গে ১৭৮ বল খেলে ১০২ রান যোগ করেন সুদীপ। ব্যর্থ হয়েছেন সহ অধিনায়ক রজত দে (০)। দুরন্ত খেলতে থাকা দলনায়ক ঋদ্ধিমান দিনের শেষ সময়ে প্যাভেলিয়নে ফেরেন। আউট হওয়ার আগে ৯৯ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে করেন ৬৬ রান। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষ ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে। মণিশঙ্কর মুড়া সিং ৬ রানে এবং পারভেজ সুলতান কোনও রান না করে উইকেটে টিকে রয়েছেন। বিদর্ভের পক্ষে ওয়াই ঠাকুর (৪/৩৯) এবং এ সারভাতে (২/৮২) সফল বোলার। ত্রিপুরা এখন এগিয়ে রয়েছে ২৬ রানে। কমকরে ১০০ রানে লিড নিতে পারলেই ম্যাচে জঁাকিয়ে বসবে ত্রিপুরা। ফলে তৃতীয় দিনের শুরুতে ত্রিপুরার শেষের দিকের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।

