বঙাইগাঁওয়ের পাতিলাদলে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী যুবক

বঙাইগাঁও (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : বঙাইগাঁওয়ের পাতিলাদল পুরানবাজার এলাকায় গলায় ফাঁস জড়িয়ে বছর তিরিশের এক যুবক আত্মহত্যা করেছে।

আজ সকালে বাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলতে দেখা যায় যুবকের মৃতদেহ। ঝুলন্ত যুবকের মৃতদেহ দেখে হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙাইগাঁও সিভিল হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, দিন-কয়েক আগে মৃত যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু কী কারণে আত্মহত্যা তিনি করেছেন, তা জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত প্রায় দু বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি। রাজ্যের বাইরে নিয়ে বহু চিকিৎসা করানো সত্ত্বেও কোনও সুফল পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।