ধলাই, (অসম) ১৭ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার সামনে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণের বার্মিজ সুপারি। এর সঙ্গে আটক করা হয়েছে সুপারি পাচারে ব্যবহৃত ১১০৯ মডেলের এএস ১১ ডিসি ১১১৬ নম্বরের ছয় চাকার টাটা লরি এবং তার চালককে।
আজ শনিবার ধলাই থানান্তর্গত লায়লাপুর পুলিশ পেট্রল পোস্টের নাকা চেকিং পয়েন্ট পাড়ি দিয়ে আসার সময় লরিটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু গোপন চেম্বারে অতি কৌশলে বার্মিজ সুপারিগুলি বোঝাই করে পাচার করায় তা ধরতে পারেননি পুলিশের অভিযানকারীরা।
এর পর গোপন সূত্রে এক খবর আসে ধলাই থানার পুলিশের কাছে। ওই তথ্যের ভিত্তিতে ধলাই থানার সামনে লরিটির গতিরোধ করেন ওসি এবং তাঁর দল। এখানে প্রথম দিকে তল্লাশি চালিয়ে বিফল হয় ধলাই পুলিশের তদন্তকারী দল। পরবর্তীতে গোপন সূত্রের কথা অনুযায়ী বৈদ্যুতিক কাটার দিয়ে লরিটির বডি কাটলে বেরিয়ে আসে কুইন্টালের পর কুইন্টাল বার্মিজ সুপারি।
বিপুল পরিমাণের বার্মিজ সুপারিগুলি মিজোরাম থেকে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ আটক করেছে কাছাড় জেলার ধলাই থানা এলাকার হাওয়াইতাঙের বাসিন্দা সাদ্দাম হুসেন লস্করকে (৩২)। এই খবর লেখা পর্যন্ত বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারির ওজন চলছে, তাই এগুলির সঠিক পরিমাণ জানা যায়নি। পুলিশ লরি চলককে জিজ্ঞাসাবাদ করছে।

