তেলেঙ্গানায় পুড়ে ছাই বাড়ি, দুই শিশু-সহ মৃত্যু ৬ জনের

হায়দরাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি বাড়ি। আগুনের লেলিহান শিখায় বাড়িটি পুড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে দুই শিশু-সহ ৬ জনের। শনিবার ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণপুর থানার অন্তর্গত ভেঙ্কটাপুর গ্রামে।

পদ্মা নামে একজন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাড়িতে ছিলেন। এসিপি বি তিরুপতি রেড্ডি বলেছেন, পদ্মা ও তাঁর স্ত্রী ওই বাড়িতে থাকতেন। দুই দিন আগে মোনিকা (ভাইঝি), তাঁর দুই সন্তান ও এক আত্মীয় বাড়িতে আসেন। গভীর রাত ১২-১২.৩০ মিনিটের মধ্যে প্রতিবেশীরা ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন। দমকল আসার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ ৬ জনের।